জেলার সংবাদ

মেহেরপুরে পাবজি খেলাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যার দায়ে ২ কিশোরের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেহেরপুরে নিষিদ্ধ পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যার দায়ে দুই কিশোরকে যথাক্রমে ১০ ও ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ দণ্ডাদেশ দেন।

রায়ে স্মার্টফোন থেকে ফ্রি ফায়ার ও পাবজি গেম অপসারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত।


মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৬ জুন বিকালে রেজোয়ান আল আবিরকে তার দুই বন্ধু মুজাহিদ ও হামিম ডেকে নেয়। পরে রেজোয়ান তার মায়ের ব্যবহৃত মুঠোফোন সঙ্গে নিয়ে বন্ধুদের সাথে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় ওই ফোন থেকেই আবিরের পিতা মালয়েশিয়া প্রবাসী আসাদুজ্জামানের ইমো নম্বরে কল করে হিন্দি ভাষায় এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেলে তার ছেলেকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় হত্যাকারী দুই কিশোর বন্ধু।


বিষয়টি দ্রুত আবিরের পিতা তার পরিবারকে মুঠোফোনে জানান। জানানো হয় পুলিশকেও। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ আবিরের দুই বন্ধু মুজাহিদ ও হামিমকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পাবজি ও ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কথা স্বীকার করে। পরে তারাই আবিরকে হত্যা করেছে বলে পুলিশকে জানায়। রাতেই মানিকদিয়া বালিয়াগাড়ির মাঠ থেকে আবিরের লাশ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় নিহতের মা রোজিনা খাতুন ওই দিন রাতেই গাংনী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৩) দায়ের করেন। ওই মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত নিহত আবিরের বন্ধু মুজাহিদকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং হামিমকে ৭ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন।


রায়ে আরও বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে অর্থদণ্ড আদায় সাপেক্ষে সেই অর্থ নিহতের পরিবারকে প্রদান করতে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।


মামলায় ১১ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন।


আসামিপক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাড. খন্দকার আব্দুল মতিন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. মোস্তাফিজুর রহমান তুহিন।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন