উগান্ডার ফুটবলাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির অন্যতম জনপ্রিয় ফুটবলার এবং রেকর্ড ১৭ বারের লিগ চ্যাম্পিয়ন এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি ডাকাতদের নৃশংস হামলায় নিহত হয়েছেন। মাত্র ২৭ বছর বয়সে তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ পুরো দেশ। এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানী কাম্পালায় ক্রমবর্ধমান ছিনতাই ও সহিংস অপরাধের বিরুদ্ধে নতুন করে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানী কাম্পালার মাকিনদিয়ে এলাকায় নিজ বাড়ির কাছে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন ডেভিড ওওরি। মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা পেভিং ব্লক দিয়ে তার ওপর এলোপাতাড়ি আঘাত করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওওরিকে ঘটনাস্থলে ফেলে রেখে যায় তারা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তবে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওওরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘ডেভিড শুধু একজন ফুটবলারই ছিলেন না, তিনি ছিলেন একজন নেতা এবং একটি প্রজন্মের অনুপ্রেরণা। এসসি ভিলার অধিনায়ক হিসেবে তিনি সাহস, বিনয় ও নিষ্ঠার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর উগান্ডা ক্রেনসের জার্সিতে তিনি পুরো জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন।’
তার ক্লাব এসসি ভিলাও শোক প্রকাশ করে বলেছে, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে হারাইনি, হারিয়েছি একজন নেতা, একজন ভাই এবং একজন বন্ধুকে।’
বুধবার উগান্ডার পার্লামেন্টে ডেভিড ওওরির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ডিবিসি/আরএফই