জেলার সংবাদ

কুমিল্লায় খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে খাদে পড়ল আরেকটি মাইক্রোবাস

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি মাইক্রোবাস। সেই দুর্ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপে আরেকটি মাইক্রোবাস খাদের কিনারে ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মহাসড়কের দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় এই জোড়া দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অপর একটি মাইক্রোবাসের চালক চলন্ত অবস্থায় ওই দুর্ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করছিলেন। ঠিক সে সময় পাশ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ভিডিও করতে থাকা মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে ওই মাইক্রোবাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারে চলে যায়।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চালান। দ্বিতীয় মাইক্রোবাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

 

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা রিফাত আহাম্মেদ বলেন, ‘গাড়িটি খাদে পড়ে যেতে দেখে আমরা দৌড়ে আসি এবং চালকদের দ্রুত উদ্ধার করি। তবে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।’

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। এ বিষয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম বলেন, ‘মূলত চালকদের অসাবধানতার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। এতে তেমন কেউ আহত হয়নি। বর্তমানে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

 

সড়কে গাড়ি চালানোর সময় চালকদের আরও বেশি মনোযোগী হওয়ার এবং মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার প্রয়োজনীয়তাই এই দুর্ঘটনার মাধ্যমে আবারও সামনে উঠে এসেছে।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন