আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ঐতিহাসিক জয় স্মরণে ১৫ জুলাইকে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে।
গত ১৫ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লিওনেল স্কালোনির দল। ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে ৮৫তম মিনিটে এন্সো ফের্নান্দেজ সমতা ফেরান। যোগ করা সময়ের (৯২তম মিনিট) লাউতারো মার্তিনেসের জয়সূচক গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।
বুধবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সভায় ১৫ জুলাইকে স্থায়ীভাবে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত জানানো হয়।
তবে ইংল্যান্ডের বিপক্ষে সেই সেমিফাইনাল ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। জয়ের পর কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ (ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। দক্ষিণ আটলান্টিকের ওই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ১৯৮২ সালের যুদ্ধে শেষ পর্যন্ত ব্রিটেন বিজয়ী হয়।
ফিফার আচরণবিধি অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার বা অন্যান্য সামগ্রী প্রদর্শন নিষিদ্ধ। এ কারণে ব্যানার প্রদর্শনসহ বিশ্বকাপে একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করেছে ফিফা।
উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানারআপ হয় আর্জেন্টিনা। অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারায় ইংল্যান্ড।
ডিবিসি/ আরএফই